২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুদের টাকা নিয়ে ঝগড়া’, থামাতে গিয়ে নিহত এক, আহত ৪

এ ঘটনায় মামলার পর দুইজনকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র লাগা ঝগড়া থামাতে গিয়ে যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় মারামারিতে আহত পাঁচজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে একজন মারা যান বলে নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা  জানান। 

নিহত দেলোয়ার হোসেন (৪০) নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে। তিনি একজন মাছ বিক্রেতা।  

নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও এ ঘটনায় করা মামলার নথির বরাত দিয়ে ওসি সোহেল রানা বলেন, নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর দুধুয়ার খাল ব্রিজপাড়ের প্রয়াত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছ থেকে কিছুদিন আগে একই এলাকার রিকশাচালক তারা মিয়া চড়া সুদে ঋণ নেন।  

মঙ্গলবার রাত ৮টার দিকে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউলের সঙ্গে তারা মিয়ার ঝগড়া বাঁধে দেলোয়ারের মাছের দোকানের সামনে। 

এক পর্যায়ে তাদের থামাতে গেলে শেখ ফরিদের লোকদের দা-এর কোপে দেলোয়ারসহ পাঁচজন আহত হন। 

আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ারের মৃত্যু হয়। 

অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ওসি বলেন, এ ব্যাপারে নিহতের ভাই গুলু মিয়া ২০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। এ পর্যন্ত ময়দান আলী ও খুশি বেগম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

নিহত দেলোয়ার হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।