গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় বাধা: আওয়ামী লীগ নেতা মঙ্গু গ্রেপ্তার
তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঙ্গু শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে উপজেলার কাকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সোমবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান।
৬৮ বছর বয়সী মঙ্গু শিকদার ওই গ্রামের আমজেদ শিকদারের ছেলে।
ওসি বলেন, “গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভায় বাধা দিতে কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে।
“এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১ হাজার ৫০০ জনকে আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।”
মামলার আসামি হিসেবে মঙ্গু শিকদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি খন্দকার হাফিজুর বলেন, “এ মামলায় আমরা ৬২ আসামিকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়েছি। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
