শেরপুরে আওয়ামী লীগ নেতা হত্যা: প্রধান আসামি কারাগারে
চাঁদা দাবি ও হামলার আরও এক মামলায় ওই আসামির জামিনের আবেদন নাকচ করে আদালত।
শেরপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক হত্যা মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার শেরপুর সদর জি.আর আমলি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইকবাল মাহমুদ তা নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের পরিদর্শক খন্দকার শহিদুল হক জানান।
মামলার প্রধান আসামি নুরে আলম সিদ্দিকী (৪৫) সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের মো. গোলাম কুদ্দুসের ছেলে ও সাবেক ইউপি চেয়ারম্যান।
চাঁদা দাবি ও হামলার আরও এক মামলায় তার জামিনের আবেদন নাকচ করে আদালত।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে গত বছরের ২ জুলাই সদর উপজেলার রঘুনাথপুর চকপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেককে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ দিন পর মারা যান খালেক।
এ ঘটনায় খালেকের স্ত্রী আসমাউল হোসনা বাদী হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে প্রধান আসামি করে শেরপুর সদর থানায় মামলা করেন।
এতে নূরের সহযোগীসহ ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করা হয়। মামলায় অন্য আসামিরা বিভিন্ন পর্যায়ে গ্রেপ্তার ও জামিন পেলেও নূরে আলম এতদিন পলাতক ছিলেন।
আদালত পুলিশের পরিদর্শক খন্দকার শহিদুল হক বলেন, খালেক হত্যা মামলার প্রধান আসামি নূরে আলম গত বছরের ৩১ জুলাই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেলেও পরে নিম্ন আদালতে জামিননামা দাখিল ও আত্মসমর্পণ করেননি।
