১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফে বাড়ি ফিরেছে ‘অপহৃত’ ২ কৃষক

“ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।”

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2024, 10:00 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘ফাঁকা গুলি ছুড়ে অস্ত্রের মুখে অপহৃত’ দুই কৃষক বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে পুলিশ।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ওই কৃষকরা ফিরে আসেন।  

দুই কৃষক হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে মোহাম্মদ জহির (৫০)।

জহির বলেন, বুধবার বেলা ১২ টার দিকে টেকনাফে হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ক্ষেতে তিনি ও জহিরসহ আরও কয়েকজন কৃষক কাজ করছিলেন। এক পর্যায়ে গহীন পাহাড়ি এলাকার দিক থেকে আসা একদল ব্যক্তি তাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে। পরে তারা অস্ত্রের মুখে তাকে ও জহিরকে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, “ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। এ সময় স্থানীয়রা অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে দেয়।”

আটক ওই ব্যক্তি হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়ার এজাহার মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৭) বলে জানা গেছে।

ওসি গিয়াস বলছেন, “অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অপহৃতদের উদ্ধারে পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও অভিযান চালায়। রাতেও পুলিশের অভিযান অব্যাহত ছিল।

“পুলিশের অভিযানের মুখে অপহরণকারীরা পরিস্থিতি ‘বেগতিক দেখে’ বৃহস্পতিবার ভোরে অপহৃতদের কম্বনিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়েছে। পরে ভূক্তভোগী কৃষকরা নিজেদের মতো বাড়ি ফিরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেয়।”

তিনি বলেন, “ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ভূক্তভোগী কৃষকদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। অপহরণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।