২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ফিলিং স্টেশনে মোটরসাইকেলে আগুন

পেট্রোল নেওয়ার পর মোটরসাইকেলটি চালু করা সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে যায়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:46 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর শহরের একটি ফিলিং স্টেশনে পেট্রোল নেওয়ার সময় একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে নেওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ফিলিং স্টেশনটি।

বৃহস্পতিবার বিকালে শহরতলীর ধর্মতলায় সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান যশোর ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা শেখ মুজিবুর রহমান। 

মোটরসাইকেলের মালিক আব্দুল মান্নান চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের বাসিন্দা।

আব্দুল মান্নান বলেন, শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বেলা সাড়ে ৩টার দিকে সোনালী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যান তিনি। তেল দেওয়ার সময় মোটরসাইকেলে ট্যাংক পূর্ণ হয়ে কিছু ইঞ্জিনের ওপর গড়িয়ে পড়ে। 

মোটরসাইকেলটি চালু করা সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গোটা মোটরসাইকেল আগুন ছড়িয়ে পড়ে। এ সময় সেখানে থাকা অন্যরা দ্রুত মোটরসাইকেলটি টেনে দূরে সরিয়ে নিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি ভস্মীভূত হয়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মুজিবুর রহমান বলেন, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।