ঈদে জয়পুরহাট সীমান্তে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়
শূন্য রেখায় বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস পি গোরাইকে মিষ্টি উপহার দেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জয়পুরহাটের সীমান্তে উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ–বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ।
শনিবার পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব-পিলারের কাছে এ দুই বাহিনীর সদস্যরা মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শূন্য রেখায় বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বাংলাদেশের পক্ষ থেকে বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস পি গোরাইকে মিষ্টি উপহার দেন।
একই সময় ১৫ নম্বর সাব পিলারের কাছে শূন্য রেখায় ভারতের চক গোপাল ক্যাম্প কমান্ডার এস সি নান্দিকেও মিষ্টি উপহার দেওয়া হয়।
এ সময় বিজিবি ও বিএসএফ এর বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস পি গোরাই বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।
দুদেশের বাহিনীর দুই কমান্ডার সাংবাদিকদের বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে তারা মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এতে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে বলে তারা বিশ্বাস করেন।
