১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকেও ‘রুখে দাঁড়াতে’ বললেন আইন উপদেষ্টা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও জুলাই যোদ্ধাদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন আসিফ নজরুল।

চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকেও ‘রুখে দাঁড়াতে’ বললেন আইন উপদেষ্টা
নারায়ণগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের পর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 07:42 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

অন্তর্বর্তী সরকারের পাশাপাশি চাঁদাবাজদের বিরুদ্ধে সাধারণ জনগণকেও রুখে দাঁড়াতে বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

স্থানীয়ভাবে নানা ধরনের আইনশৃঙ্খলা লঙ্ঘন, বিশৃঙ্খলা, ভয়াবহ হত্যাকাণ্ড, চাঁদাবাজির ঘটনা ঘটছে জানিয়েছে তিনি বলেছেন, “জুলাইয়ের সময় আপনারা ঐক্যবদ্ধ থেকে মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন। 

“আপনার ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। আমাদের সরকারের দায়িত্ব থাকবে, পাশাপাশি আপনারা স্থানীয় চাঁদাবাজ, লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। ইনশাল্লাহ প্রশাসন আপনাদের সহযোগিতা করবে।”

সোমবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও জুলাই যোদ্ধাদের স্মরণে নারায়ণগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জুলাই আন্দোলনে ‘গণহত্যা’র বিচারে কোনো ঘাটতি থাকবে না জানিয়ে আইন উপদেষ্টা বলেন, “দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলছে। ওইখানে কোনো রকম গাফিলতি থাকবে না।

“আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যে গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সরকারের শাসনামলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট অন্য মামলাগুলোরও তদন্ত দ্রুত শেষ করে ৫ অগাস্টের আগে অভিযোগপত্র দাখিল করার জন্য পুলিশকে ‘অনুরোধ’ করেন আসিফ নজরুল।

তিনি বলেন, “নারায়ণগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। ওনারা অনেকগুলো মামলার অগ্রগতির কথা জানিয়েছেন। তাদের রিকোয়েস্ট করেছি, ৫ অগাস্টের আগে মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। এসপি বলেছেন, অনেকগুলো মামলার চার্জশিট দিতে পারবেন।

“চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে দ্রুত বিচার আইনে সমস্ত অপরাধের বিচার করব”, বলেন তিনি।

এ সময় জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট মামলার বাদীদের ‘নিরাপত্তা নিশ্চিত’ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন আইন উপদেষ্টা।

‘জুলাই আন্দোলনের ঐক্য’ ধরে রাখার তাগিদ দিয়ে আসিফ নজরুল বলেন, “আমরা বৈষম্যহীন, শোষণহীন নতুন বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রকৃত গণতন্ত্র থাকবে, শাসক এসে অপশাসকে পরিণত হবে না। ঐক্য ধরে রাখতে পারলে অবশ্যই কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারব।”

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে অন্তর্বর্তী সরকার নানা কর্মসূচি নিয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বক্তব্য দেন। এ ছাড়া শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ জেলায় যে ৫৬ জন শহীদ হয়েছেন, তারা উদ্দেশ্যবিহীন লড়াই করে প্রাণ দেননি বলে মনে করেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা। 

তিনি বলেন, “একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এই ৫৬ জন শহীদ হয়েছেন। আমরা, আপনারা একসঙ্গে মিলে এই আত্মত্যাগের বিনিময়ে একটা সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ব।”

সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে ‘ফ্যাসিবাদবিরোধী জাদুঘরে’ রূপান্তরের কথা জানিয়ে আদিলুর রহমান খান বলেন, “গণভবনকে ফ্যাসিবাদবিরোধী জাদুঘর হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে। 

“আমরা আশা করব, ৫ অগাস্টে সেটি উদ্বোধন করার। গণভবন হচ্ছে স্বৈরাচারের ঠিকানা। আমরা ওই ঠিকানাকে সংরক্ষণ করে দেখাতে চাই, এখানে ফ্যাসিবাদ কীভাবে মানুষকে অত্যাচার করত। কীভাবে তাদের পরিকল্পনা ছিল, দেশের মানুষ এসে দেখবে।”

নারায়ণগঞ্জ নগরের হাজীগঞ্জ এলাকায় রেলওয়ের জমিতে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ স্থাপন করা হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৬ অগাস্ট প্রথম জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ফারহানা মানিক মুনা শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান। পরে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়।

কয়েকটি জেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও নারায়ণগঞ্জে এটি প্রথম উদ্বোধন করা হয়েছে বলে জানান উপদেষ্টারা। ধাতব এ স্মৃতিস্তম্ভ নির্মাণ ও স্থাপনে কাজ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

অনুষ্ঠানে আন্দোলনে শহীদ ও হতাহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ছেলের হত্যার বিচার দাবি করেন জালকুড়ি এলাকায় শহীদ দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ আদিলের মা আয়েশা আক্তার। তিনি শহীদদের কবরগুলো সংরক্ষণেরও দাবি জানান।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিএনপি, জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।