স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে তুলে নিয়ে ‘ধর্ষণ’
ঘটনাটি বৃহস্পতিবার ঘটলেও রোববার রাতে শিশুটির দাদী মামলা করেন বলে নাসিরনগর থানার ওসি জানান।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে কাতারপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটলেও রোববার রাতে শিশুটির দাদী মামলা করেন বলে নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান।
ঘটনার পর থেকেই পলাতক আছেন আসামি মোক্তার মিয়া (২৮)।
মামলার বরাতে পুলিশ জানায়, স্কুলে যাওয়ার পথে শিশুটির মুখ চেপে ধরে মোক্তার মিয়া নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন। তখন শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বলেন, “মোক্তার বখাটে প্রকৃতির। কিছুদিন আগে কাতার থেকে ফিরেছে। প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করে। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, “ঘটনাটি ১০ জুলাই ঘটলেও আমরা রোববার রাতে জানতে পারি। সঙ্গে সঙ্গেই শিশুর পরিবারের অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।”
