লক্ষ্মীপুরে ছাত্রলীগ কর্মী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড
রায়ে ১৪ জন যাবজ্জীবন এবং দুই আসামি খালাস পেয়েছেন বলে জানান পিপি।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড এবং ১৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন বলে আদালতের পিপি জসিম উদ্দিন জানান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মধু, মো. মামুন, বাবু ওরফে গলাকাটা বাবু, মো. শামীম, কাউছার ওরফে ছোট কাউছার।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর আলম, নেহাল, মো. বোরহান, মো. তুহিন, জাকির হোসেন, সোহরাব হোসেন, বাছির আহাম্মদ, মো. মিজান, আলমগীর হোসেন, কছির আহম্মেদ, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন, তারেক আজিজ সুজন, মো. টিপন ওরফে জাহাঙ্গীর আলম।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে রায়ে।
পিপি জসিম বলেন, রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মধু ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত টিপন আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বাকি আসামিরা পলাতক। এ ছাড়া রায়ে দুই আসামি খালাস পেয়েছেন বলেও জানান পিপি।
২০১৫ সালের ১৮ মে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রামে মামুনকে গুলি করে হত্যা করা হয়। মামুন একই গ্রামের আবু তৈয়বের ছেলে।
