কোটালীপাড়ায় নানির বিরুদ্ধে নাতনিকে হত্যার অভিযোগ
নানির দাবি, শিশুটিকে ভূতে মেরে ফেলেছে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানির বিরুদ্ধে সাত বছর বয়সি নাতনিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে উপজেলার বান্ধাবাড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান।
নিহত আফিফা খানম কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের আসলাম শিকদারের মেয়ে।
বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকে সে বান্ধাবাড়ি তার নানির সঙ্গে থেকে পড়াশোনা করত। সে ২৭ নম্বর বান্ধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আফিফার বাবা আসলাম শিকদার বলেন, “১০ বছর আগে আমি বান্ধাবাড়ি গ্রামের প্রয়াত আক্তার খানের মেয়েকে বিয়ে করি। বিয়ের পর সে প্রায়ই বাবারবাড়ি থাকত। এরই মাঝে আমার একটি কন্যা সন্তান হয়। আমার কন্যার বয়স যখন ৫, তখন আমার স্ত্রী বিভিন্ন জনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। গত ২ বছর আগে স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান।
এরপর আফিফা তার নানি লাকি বেগমের কাছে থেকেই লেখাপড়া করত। আমি প্রতিনিয়ত আমার কন্যার খোঁজ-খবর নিতাম ও লেখাপড়ার খরচ দিতাম।”
আসলাম শিকদারের বড়ভাই লিটন শিকদার বলেন, “আমরা প্রতিবেশিদের মাধ্যমে জানতে পারি যে, আফিফা মারা গেছে। এখানে আসার পর আসলামের সাবেক শাশুড়ি লাকি বেগম আমাদের বলেন যে, গত রাতে আফিফাকে ভূতে মেরে ফেলেছে। আমাদের ধারণা, আফিফাকে তার নানি গলা টিপে হত্যা করেছেন। আফিফার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।”
এ বিষয়ে লাকি বেগম বলেন, “গত রাতে বাথরুমে গিয়ে আফিফা চিৎকার দেয়। আমি বাথরুমের দরজা খুলে তাকে ঘরে নিয়ে আসি। পরে তার গলায় দাগ দেখতে পাই। এরপর আফিফাকে নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে তাকে মরা দেখতে পাই। আমার ধারণা, আফিফাকে ভূতে মেরে ফেলেছে।”
কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
