সাভারে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু: রংপুরের চার পুলিশ প্রত্যাহার
২৩ জুলাই পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরী নিখোঁজ হয়।
রংপুরের পীরগাছার নিখোঁজ এক কিশোরীকে উদ্ধারে ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে মনোয়ারুল ইসলাম বকশীর মৃত্যুর ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
চার পুলিশ সদস্য হলেন- পীরগাছা থানার এসআই কনক রঞ্জন বর্মন, এএসআই ওসমান আলী, কনস্টেবল প্রশান্ত কুমার ও সুমী আক্তার।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, শনিবার রাতে তাদের রংপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
মনোয়ারুল ইসলাম বকশী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতিবান্ধা গ্রামের জাফর বকশীর ছেলে। বাবার চাকরির সূত্রে তিনি সাভারের বিপিএটিসি কোয়ার্টারে বসবাস করতেন।
পুলিশ জানায়, ২৩ জুলাই রংপুরের পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবার পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে কিশোরী সাভারে অবস্থান করছেন।
সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পীরগাছার এসআই কনক বর্মনের নেতৃত্বে সাভার থানা পুলিশের সহায়তায় বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য, অভিযান চলাকালে পুলিশ ভবনের নিচতলায় অবস্থান করছিল। এ সময় ছাদ থেকে কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ শুনে তারা ঘটনাস্থলে যান। গিয়ে তারা মনোয়ারুল ইসলাম বকশীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে মনোয়ারুল ইসলামের স্বজনদের দাবি, মনোয়ারুলের ভাগিনার সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরে তারা বাড়ি থেকে পালিয়ে সাভারে অবস্থান করছিল।
স্বজনদের অভিযোগ, অভিযানের একপর্যায়ে মনোয়ারুলকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। অভিযানে জিডির বাদী ও তার শ্যালক পুলিশের পোশাকে পুলিশের সঙ্গে ছিলেন বলেও দাবি করেন তারা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ ঘটনায় শনিবার সকালে নিহতের স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা পীরগাছা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, এ ঘটনায় ঢাকা ও রংপুরে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পীরগাছা থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাভার মডেল থানার (ওসি) সাইফুল ইসলাম বলেন, পীরগাছা থানাকে সহযোগিতা করতে এসআই আব্দুল হাইসহ দুজন কনস্টেবল সেখানে গিয়েছিলেন। বিষয়টি তদন্তাধীন।
আরও পড়ুন:
