সাভারে ‘ধাওয়া খেয়ে’ ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের অস্বীকার
পরিবারের সদস্যরা মনোয়ারুল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করলেও থানা ছাত্রদলের সভাপতি বলেন, তিনি কোনো পদে ছিলেন না।
ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
পরিবারের অভিযোগ, পুলিশের তাড়ায় ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
বৃহস্পতিবার রাত ১টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
নিহত মনোয়ারুল হোসেন বকশী (২৬) বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) নিরাপত্তা প্রহরী মুহম্মদ জাফর আলীর ছেলে।
নিহতের বাবা মুহম্মদ জাফর আলী অভিযোগ করেন, “রাতে পুলিশের একটি দল হঠাৎ বাসা ঘেরাও করে অভিযান চালায়। ওই সময় পুলিশ মনোয়ারুলকে ধরার জন্য তাড়া করে। প্রাণভয়ে সে পাঁচতলা ভবনের ছাদে দিকে দৌড়ে যায়। পরে ছাদ থেকে পড়ে সে আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
তবে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম এ অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, রংপুরের পীরগাছা থানার একটি অপহরণ মামলার আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই কনক কান্তি বর্মন সাভার থানার সহযোগিতা চান। পরে সাভার থানার এসআই আব্দুল হাইকে সঙ্গে নিয়ে পীরগাছা থানার পুলিশ সদস্যরা রাতে বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে জাফর আলীর চারতলার ফ্ল্যাটে যান।
ওসি বলেন, পুলিশ পৌঁছানোর আগেই মামলার আসামি ও তার সঙ্গে থাকা তরুণী সেখান থেকে চলে যান। এ সময় হঠাৎ ছাদ থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে পুলিশ সদস্যরা বাইরে এসে মনোয়ারুলকে নিচে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে রাতেই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, প্রথমে পুলিশের ধাওয়ার কথা শুনলেও পরে অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারেন, পুলিশ দেখে ভয়ে ছাদে উঠে পালাতে গিয়ে মনোয়ারুল নিচে পড়ে যান।
ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।
পরিবারের সদস্যরা মনোয়ারুলকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করলেও সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমদ মাশফি বলেন, মনোয়ারুল তাদের থানা কমিটির কোনো পদে ছিলেন না।
ঘটনার সময় উপস্থিত থাকা সাভার মডেল থানার এসআই আব্দুল হাইকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
