২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু: লাশ নিয়ে পীরগাছা থানায় বিক্ষোভ

২৩ জুলাই পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরী নিখোঁজ হয়।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 09:55 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

ঢাকার সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে তার লাশ নিয়ে রংপুরের পীরগাছা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা।

শনিবার সকাল ৮টার দিকে স্বজনরা লাশ সড়কে রেখে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেন। এ সময় থানার আশপাশে উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বললে পরিস্থিতি শান্ত হয়।

মনোয়ারুলের পরিবারের অভিযোগ, পুলিশের তাড়ায় ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) স্টাফ কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারুল হোসেন বকশী (২৬) বিপিএটিসির নিরাপত্তা প্রহরী মুহম্মদ জাফর আলীর ছেলে। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ হাতীবান্ধা গ্রামে। তার পরিবার দীর্ঘদিন ধরে সাভারে বসবাস করে আসছে।

পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি বিচার দাবি করছি।”

২৩ জুলাই পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের ১৫ বছরের এক কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা পীরগাছা থানায় অনলাইনে একটি সাধারণ ডায়েরি করেন।

পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান সাভারে শনাক্ত করে। এর ভিত্তিতে পীরগাছা থানা পুলিশ সাভার থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারে অভিযান চালায়।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় হঠাৎ ভবনের ছাদ থেকে নিচে কিছু পড়ার শব্দ পাওয়া যায়। পরে সেখানে মনোয়ারুলকে পড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, কিশোরীকে উদ্ধারে অভিযানের সময় তার বাবা ও আরও একজন ব্যক্তি পুলিশের পোশাক পরে ঘটনাস্থলে ছিলেন। তাদের দাবি, ওই ব্যক্তিরাই মনোয়ারুলকে হত্যা করে ছাদ থেকে ফেলে দেন।

পরিবারের সদস্যরা মনোয়ারুল ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেছেন। তবে সাভার থানা ছাত্রদলের সভাপতি বলেছেন, মনোয়ারুল সংগঠনের কোনো পদে ছিলেন না।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, নিহতের স্বজনদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা ও তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

তিনি বলেন, অভিযানের সঙ্গে যুক্ত পুলিশ সদস্যদের কোনো ধরনের অবহেলা বা সংশ্লিষ্টতা ছিল কিনা, তা বিভাগীয় তদন্তে খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: 

সাভারে 'ধাওয়া খেয়ে' ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, পুলিশের অস্বীকার