২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীতে ৮৮ লাখ টাকাসহ শিক্ষার্থীদের হাতে আটক ৩

প্রাইভেটকারের যাত্রীদের কাছে পাওয়া টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান শিক্ষার্থীরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2024, 11:29 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

নরসিংদী সদর উপজেলায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮ লাখ টাকা জব্দ করেছে ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকা একদল শিক্ষার্থী। আটক করা হয়েছে তিনজনকে।

শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান আনসার ও ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুডেন্ট মো. জাহিদুল ইসলাম।

আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২) এবং আশুগঞ্জের দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেটকার চালক জুলহাস মিয়া (৩২)।

আনসার কর্মকর্তা ও শিক্ষার্থীরা জানান, সকাল থেকে স্কুলপড়ুয়া একদল শিক্ষার্থী সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন। পাশেই অবস্থান করছিলেন আনসার-ভিডিপির সদস্যরা। 

দুপুরে একটি প্রাইভেটকার ভৈরবের দিকে যাচ্ছিল। পথে আটক প্রাইভেটকারের চালক ও দুই যাত্রীর কথাবার্তায় শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে দুটি ব্যাগ ৮৮ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়। 

প্রাইভেটকারের যাত্রীদের কাছে পাওয়া টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান আনসার ও ভিডিপির জাহিদুল ইসলাম।

তিনি জানান, বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়।  কিছুক্ষণ পর একদল সেনাসদস্য গিয়ে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান।

সেখানে নরসিংদী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়।

আনসার ভিডিপির কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “জব্দ করা টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। আটক তিনজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”