১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মানববন্ধনে ‘জয় বাংলা স্লোগান’, প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষক

মানববন্ধন চলার সময়েই মাইকে ক্ষমা চেয়ে নেন বালিকা বিদ্যালয়টির প্রধান শিক্ষক।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2024, 09:17 PM

Updated : 26 Aug 2026, 10:29 AM

ঢাকায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাজবাড়ীতে অনুষ্ঠিত মানববন্ধনে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন সরকারি বালিকা বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক।     

বুধবার দুপুরে রাজবাড়ী সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের ব‌্যানারে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব‌্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে এ ঘটনা ঘটে।

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পরপরই মানববন্ধনে থাকা বিদ্যালয়টির এক জ্যেষ্ঠ শিক্ষক এর প্রতিবাদ জানান। পরে অন্যরাও প্রতিবাদ করেন। 

প্রতিবাদের মুখে মানববন্ধন চলার সময়েই মাইকে ক্ষমা চেয়ে নেন বালিকা উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস।

বিদ্যালয়টির জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম বলেন, “আমরা ঢাকায় শিক্ষক লাঞ্ছি তের  প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছি। এতে জেলার বিভিন্ন মাধ‌্যমিক বিদ‌্যালয়ের শিক্ষকরা ছিলেন। প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস তার বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। আমি প্রথমে এর প্রতিবাদ জানাই। পরে আমার সঙ্গে অন‌্য শিক্ষকরাও প্রতিবাদ জানান।” 

তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে ফ‌্যাসিবাদী সরকারের পতন হয়েছে। শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু  প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস এখনো ‘জয় বাংলা’ স্লোগান দেন কীভাবে?”

প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, “মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যের শেষে ভুলবসত ‘জয় বাংলা’ বলে ফেলি। পরে ভুলের ক্ষমা চেয়ে নিই।”

এদিকে, ঘণ্টাব‌্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, মঙ্গলবার ঢাকায় শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মারীদের হাতে একাধিক শিক্ষক লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। 

শিক্ষকদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব‌্য দেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, সহকারী শিক্ষক আবু সাঈদ, রেজাউল করিম।