রংপুরে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে হিযবুত তাওহীদের মামলা
একই ঘটনায় পাল্টা মামলা হওয়ার তথ্যও দিয়েছেন পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
রংপুরের পীরগাছায় হিযবুত তাওহীদের নেতাকর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে।
একই ঘটনায় পাল্টা মামলা হওয়ার তথ্যও দিয়েছেন পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
ঘটনার তিন দিন পর ২৭ ফেব্রুয়ারি জামায়াতের ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের দায়ী করে পীরগাছা থানায় মামলাটি করেন হিযবুত তাওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম।
মামলায় ২৭ জনের নামসহ অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে শুক্রবার রাতে নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি নূরে আলম সিদ্দিকী।
মামলায় বলা হয়, গত সোমবার সকাল ১০টায় পারুল ইউনিয়নের ছিদাম বাজারসংলগ্ন হিযবুত তাওহীদের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে প্রীতিভোজ ছিল। আগের দিন স্থানীয় জামায়াতের সভাপতি নূর আলম সেটি বন্ধের হুমকি দেন। বিষয়টি উপজেলা জামায়াতে ইসলামীর নেতা ও স্থানীয় থানা পুলিশকে জানালেও পরের দিন সকালে হামলার ঘটনা ঘটে।
মামলায় বলা হয়, জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি নূর আলমের নেতৃত্বে একটি মিছিল নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি ঘরবাড়িতে আগুন দেয়। পুড়িয়ে দেওয়া হয় ২২টি মোটরসাইকেল। আহত হন ১৫ জন।
ওসি নূরে আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই ঘটনায় হিযবুত তাওহীদের নেতাকর্মীদের বিরুদ্ধে পাল্টা মামলা হয়েছে। ‘এলাকাবাসী’ পরিচয়ে এতে বাদী হয়েছেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি।”
এর আগে হিযবুত তাওহীদকে নিষিদ্ধের দাবিতে বুধবার বিকালে উপজেলার পারুল ইউনিয়নের দেউতি বাজারে ‘স্থানীয় এলাকাবাসী’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
সেখানে সোমবারের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সংগঠনটি নিষিদ্ধ করতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন আন্দোলনকারীরা।
