২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

বাড়ির উঠানে খেলার সময় সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর পর বাড়িতে স্বজন ও প্রতিবেশীর ভিড়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে খালাতো ভাই।

বৃহস্পতিবার বিকালে পৌরসভার বাঞ্চানগর এলাকায় আব্দুল আজিজ ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল।

নিহত সাড়ে ৩ বছর বয়সি নাজিম হোসেন ওই এলাকার মহিন হোসেনের ছেলে এবং জিহাদ হোসেন রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির জাকির হোসেনের ছেলে। জিহাদ তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। 

স্বজনরা জানান, বিকালে নাজিম ও জিহাদ বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় সবার অগোচরে তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। তাদেরকে উঠানে না দেখে সবাই খোঁজাখুজি শুরু করে। 

এক পর্যায়ে দুইজন পুকুরের পানিতে ভেসে উঠে। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

শিশুদের মামা রিয়াদ হোসেন বলেন, “জিহাদ বেড়াতে এসেছিল। নাজিম ও জিহাদ সমবয়সী। তারা একসঙ্গে খেলাধুলা করছিল। তারা পানিতে ডুবে মারা গেছে। তাদের মায়ের কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না।” 

হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাটি কেউ থানায় জানায়নি। তবে খোঁজ নিয়ে দেখার কথা বলেছেন তিনি।