রাজশাহীতে ভটভটি-ইজিবাইক-বাইসাইকেলের সংঘর্ষে নিহত ৩
গরুবাহী একটি ভটভটি হাটে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে সংঘর্ষের পর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়।
রাজশাহীর মোহনপুর উপজেলায় ভটভটি, ইজিবাইক ও বাইসাইকেলের সংঘর্ষে তিন জনের প্রাণ গেছে; আহত হয়েছেন আরও চারজন।
বুধবার সকালে রাজশাহী-নওগাঁ সড়কের সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল।
নিহতরা হলেন- বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জিউপাড়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) ও একই গ্রামের আবুল হোসেন (৫৫)।
আহতরা হলেন- আমরাইল গ্রামের মজিবর হোসেন (৬০), একই গ্রামের তৈয়ব আলী (৫০), সাকেয়া গ্রামের আনসারুজ্জামান (৭০) ও চঞ্চল (৩৮)।
স্থানীয়দের ওসি হরিদাস বলেন, “সকাল ১১টার দিকে বাগমারা থেকে গরু নিয়ে একটি ভটভটি রাজশাহী সিটি হাটে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় ভটভটিটি একজন বাইসাইকেল আরোহীকে চাপা দিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী মারা যান।”
পুলিশ জানায়, আহত ছয়জনকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মধ্যে একজন ইজিবাইক ও অপরজন ভটভটির যাত্রী ছিলেন। বাকিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতির কথা জানিয়েছেন ওসি হরিদাস।
