সুনামগঞ্জে বিএনপির ‘বিদ্রোহী’, জাপাসহ ১৩ জনের মনোনয়ন বাতিল
পাঁচ আসনে ৩৯ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সুনামগঞ্জের পাঁচটি আসনে জাতীয় পার্টি, বিএনপির ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার দিনভর যাছাই-বাছাই শেষে ৩৯ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।
ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকা, আয়কর পরিশোধ না করাসহ নানা কারণে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
সুনামগঞ্জ-১ আসনে নেজামে ইসলাম পার্টির মুজাম্মিল হক তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুখলেছুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে বিএনপির কামরুজ্জামান কামরুল, আনিসুল হক, জামায়াতে ইসলামীর মাওলানা তোফায়েল আহমদ খান, ইসলামি আন্দোলনের রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেবের মনোনয়নপত্রে প্রস্তাবকারীর স্বাক্ষরে গরমিল থাকায় তা বাতিল ঘোষণা করা হয়।
এখানে বিএনপির নাছির উদ্দিন চৌধুরী, তাহির রায়হান চৌধুরী পাভেল, জামায়াতের অ্যাডভোকেট শিশির মনির, সিপিবির নিরঞ্জন দাস খোকন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শুয়াইব আহমদ, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ-৩ আসনে নিয়মিত আয়কর পরিশোধ না করায় সদ্য এবি পার্টিতে যোগ দিয়ে মনোনয়ন পাওয়া সৈয়দ তালহা আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে প্রস্তাবকারীর স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী, মাহফুজুর রহমান খান ও হুসাইন আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এখানে বিএনপির কয়ছর এম আহমদ, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন, জামায়াতের ইয়াসিন খান, খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের শাহীনূর পাশা চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আবিদুল হক, খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম ও এলডিপির মাহফুজুর রহমান খালেদ তুষারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
এখানে বিএনপির অ্যাডভোকেট নুরুল ইসলাম, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরিন, জামায়াতের অ্যাডভোকেট শামস উদ্দিন, জাতীয় পার্টির অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল এবং ইসলামী আন্দোলনের মো. শহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর আলম, মোশাহিদ আলী তালুকদার ও স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এই আসনে বিএনপির কলিম উদ্দিন মিলন, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, জামায়াতে ইসলামীর আবু তাহির মো. আব্দুস সালাম, খেলাফত মজলিসের মো. আব্দুল কাদির, ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “খুব সতর্কভাবে যাচাই-বাছাই করা হয়েছে। যাদের কাগজপত্রে গরমিল ও ত্রুটি পাওয়া গেছে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের জন্য আপিলের পথ উন্মুক্ত আছে।”
