২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ‘মূল হোতা’ গ্রেপ্তার

গ্রিনল্যান্ড কারখানার ভেতর চুরির অপবাদ দিয়ে মেকানিক্যাল মিস্ত্রি হৃদয়কে পিটিয়ে হত্যা করা হয়।

গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যার ‘মূল হোতা’ গ্রেপ্তার
গাজীপুরে চুরির অপবাদ দিয়ে কারখানার ভেতর শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 08:09 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

গাজীপুর মহানগরীতে কারখানার ভেতর শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

মঙ্গলবার দুপুরে নগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার (এসপি) কে এম এ মামুন খান চিশতী জানান।

গ্রেপ্তার বেল্লাল হোসেন বেলাল (৪৩) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাটাগ্রাম (পূর্ব বেদগাড়ী) গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি কোনাবাড়ীর গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানায় নিরাপত্তা প্রহরী।

এ নিয়ে ওই কারখানার মেকানিক্যাল মিস্ত্রী হৃদয় (১৯) হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুজন হলেন- কারখানার শ্রমিক হাসান মাহমুদ এবং নিরাপত্তাকর্মী শফিকুল ইসলাম (৩০)।

র‌্যাব কর্মকর্তা মামুন খান চিশতী জানান, “বেল্লাল হোসেন বেলাল হত্যাকাণ্ডের মূল হোতা। তিনি অন্যদের সঙ্গে নিয়ে হৃদয়কে চোর সন্দেহে হাত-পা রশি দিয়ে বেঁধে সারারাত মারপিট করে হত্যা করেন।

“এরপর মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশ্যে হৃদয়ের পরিবারকে না জানিয়ে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা।”

শনিবার ভোরের দিকে কোনাবাড়ীর গ্রিনল্যান্ড লিমিটেড কারখানার ভেতর চুরির অপবাদ দিয়ে ডাইং সেকশনের মেকানিক্যাল মিস্ত্রি হৃদয়কে (১৯) পিটিয়ে হত্যা করা হয় বলে মামলায় বলা হয়েছে। 

হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। কোনাবাড়ীর হারিণাবাড়ী (এসরারনগর হাউজিং) এলাকায় মিরাজের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়ায় বসবাস করতেন।

আরও পড়ুন:

গাজীপুরে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যায় নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

গাজীপুরে চুরির অপবাদে শ্রমিককে পিটিয়ে হত্যা, কারখানায় ছুটি