গ্রেপ্তার এড়াতে জাহাজে চাকরি নেন মাগুরার ছাত্রলীগ নেতা রাকিব
মাগুরায় ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও ছাত্রদলের এক নেতা নিহতের ঘটনায় তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা রয়েছে।
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এবং ছাত্রদলের এক নেতা নিহতের ঘটনায় আলাদা দুটি হত্যা মামলায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
হত্যা মামলার পর ছাত্রলীগের ওই নেতা গ্রেপ্তার এড়াতে জাহাজে চাকরি নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ছাত্রলীগের ওই নেতাকে আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দেন বলে জানান মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই কাজী এহসানুল।
সোমবার বিকালে খুলনার ফুলতলা থানার শিকিরহাট কয়লাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার রাকিব শিকদার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাগুরা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আন্দোলনের সময় ৪ অগাস্ট মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি (৩৪) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন (২২) নিহত হন। এ ঘটনায় হওয়া দুটি হত্যা মামলায় রাকিব ১২ নম্বর আসামি।
নিহত মেহেদী হাসান মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের প্রয়াত ময়েন উদ্দিনের ছেলে।
অপর নিহত ফরহাদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
ছাত্রদল নেতা মেহেদী নিহতের ঘটনায় ১৩ অগাস্ট তার ভাই ইউনুস আলী সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
ফরহাদ হোসেন নিহতের ঘটনায় তার পরিবার থেকে কোনও মামলা করা হয়নি। তবে এ ঘটনায় ২১ অগাস্ট মাগুরা সদর উপজেলার বিরপুর গ্রামের মো. জামাল হোসেন সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় ঘটনার দিন বাদীর সামনে আসামিদের ছোড়া গুলিতে ফরহাদ নিহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ৬৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাজী এহসানুল হক বলেন, মামলার পর থেকে ছাত্রলীগ নেতা রাকিব আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে তিনি জাহাজে চাকরি নেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার একটি জাহাজ থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।
