২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গেজেট থেকে নাম প্রত্যাহার চান ফরিদপুরের ‘জুলাই যোদ্ধা’ ইতু

“আমরা যে জন্য আন্দোলন করেছিলাম, তার কোনো প্রতিফলন দেখতে পারছি না। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে।”

গেজেট থেকে নাম প্রত্যাহার চান ফরিদপুরের ‘জুলাই যোদ্ধা’ ইতু
জুলাইয়ের সরকারি গেজেট থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার চেয়ে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছেন ‘জুলাই যোদ্ধা’ আবরাব নাদিম ইতু।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 07:39 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

জুলাইয়ের সরকারি গেজেট থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আবেদন করেছেন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধা’ আবরাব নাদিম ইতু; যার গেজেট নম্বর-২৪৮৯।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নাম প্রত্যাহারের আবেদনের পাশাপাশি মাসিক ভাতাসহ সব সুযোগ-সুবিধা থেকে নিজেকে বিরত রাখার কথাও বলেছেন ২৭ বছরের এই যুবক। 

জেলা প্রশাসকের পক্ষে আবেদনপত্রটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইতু তার আবেদনে বলেছেন, “জুলাইয়ের যৌক্তিক আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্থানীয় সরকারগুলো জুলাইয়ের যে চেতনা- দুর্নীতি ও লুটপাট মুক্ত দেশ গড়তে চেয়েছিল, তা কোনোভাবেই এক বছরের বেশি সময়ও বাস্তবায়ন করতে পারেনি। এমনকি কার্যকর পদক্ষেপও নিতে পারেনি।”

এ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোও বিভিন্ন অসংগতিমূলক কর্মকাণ্ড লক্ষণীয় রয়েছে বলে আবেদনে বলেছেন ইতু।

আবেদনে তিনি আরও বলেন, “ফরিদপুরে বিভিন্ন প্রশাসনিক ও বিভিন্ন সেক্টরে পূর্বের ন্যায়ই বহাল রয়েছে অনিয়ম। একটি সিন্ডিকেটও ভাঙেনি, সাথে অনিয়মও থেমে নেই; যা আপনারা সবাই অবগত আছেন। তাই আমি আমার নাম সরকারি গেজেট থেকে প্রত্যাহার এবং মাসিক ভাতা (যদিও আমি নেইনি) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলাম।”

বিকালে ইতু তার ফেইসবুক আইডিতে করা এক পোস্টে বলেন, “আওয়ামী সরকার আমার বাবার দুই বছর পেনশনের টাকা আটকে রেখেছিল, আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দ্বারে ঘুড়েও কোনো কাজই হলো না। এইটা জাস্ট বললাম।

“আমার ব্যক্তিগত কথা কিন্তু দেশের অধিকাংশ সেক্টরের একই অবস্থায় রয়েছে। কোনো অবস্থার পরিবর্তন হয়নি। তাই এই সব সরকারি গেজেট থেকে নাম প্রত্যাহার করলাম এবং মাসিক ভাতা (যদিও নেই না) সহ সকল সুযোগ-সুবিধা প্রত্যাহার করলাম। আমার স্বীকৃতি আপনারা। আপনারা সব সময় যে সহযোগিতা ভালোবাসায় এবং সাপোর্ট করেন এইটাই আমার সব।”

এ বিষয়ে ‘জুলাই যোদ্ধা’ আবরার নাদিম ইতু বলেন, “আমরা যে জন্য আন্দোলন করেছিলাম, তার কোনো প্রতিফলন দেখতে পারছি না। চারদিকে নিজেদের বন্দোবস্ত চলছে।”

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, “জুলাইয়ের সরকারি গেজেট থেকে স্বেচ্ছায় সব ধরনের সুযোগ-সুবিধা হতে নাম প্রত্যাহারের আবেদনটি হাতে পেয়েছি। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।”