২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বাবাকে কুপিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বাড়ির লোকজন চিৎকার করলে ডাকাতরা গৃহকর্তার স্ত্রীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীদের।

নোয়াখালীতে বাবাকে কুপিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত আহছান উল্যাহ একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 05:01 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

ডাকাতরা চলে যাওয়ার সময় গৃহকর্তার স্ত্রীর গলা থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

রোববার রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পেশকারহাট এলাকার চান মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

আহত আহছান উল্যাহ (৬৫) জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহছান উল্যাহ ২০ থেকে ২৫ বছর সৌদি আরবে ছিলেন। ২০২২ সালে তিনি দেশে চলে আসেন। বর্তমানে তার দুই ছেলে সৌদি আরবে রয়েছেন।

ঘটনার দিন রাত ২টার দিকে ১০ থেকে ১২ জনের সশস্ত্র একটি ডাকাতদল আহছান উল্যাহর বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা প্রধান ফটকের তালা ভেঙে রাখে। একপর্যায়ে একটি ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন তারা। 

ডাকাতের উপস্থিতি টের পেয়ে আহছান উল্যাহ তার কক্ষ থেকে বের হয়ে দেখেন ৬ থেকে ৭ জন দেশি অস্ত্র হাতে ঘরের ভিতরে অবস্থান করছে। এ সময় আহছান উল্যাহ প্রতিরোধের চেষ্টা করলে তার মাথায় দুটি ও হাতে তিনটি কোপ দেয় ডাকাতরা।

তবে পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কক্ষ থেকে ডাকাত, ডাকাত বলে চিৎকার করলে ডাকাতরা আহছান উল্যাহর স্ত্রীর গলা থেকে একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।

পরে স্থানীয়রা আহছান উল্যাহকে উদ্ধার করে জেলা শহর মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করায়।

সোমবার দুপুরে ওসি আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।