২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র সরানোর অভিযোগ: রাবির দুই ছাত্রলীগ কর্মীকে পুলিশে হস্তান্তর

“তারা কারও পরামর্শে বা কারও সঙ্গে যোগাযোগ করে এসেছে কি-না তা যাচাই এবং ওদের নিরাপত্তার জন্য আমরা ওদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2024, 05:16 PM

Updated : 26 Aug 2026, 10:17 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ্ হল থেকে এক ছাত্রলীগ নেতার অস্ত্রভর্তি ট্রাঙ্ক অন্যত্র সরানোর অভিযোগে একই সংগঠনের দুজন কর্মীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ওই হলের আবাসিক শিক্ষার্থীরা।

সোমবার ভোররাত ৪টার দিকে তাদের মতিহার থানায় হস্তান্তর করা হয় বলে ওই থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান।

ওই ছাত্রলীগ কর্মীরা হলেন- পপুলেশন সায়েন্স বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সিফাত হাসান ও দর্শন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী মাকসুদ ভুইয়া।

তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের অনুসারী বলে জানা গেছে।       

মাদার বখশ্ হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে সিফাত ও মাকসুদের সহায়তায় রাসেল নামের আরেক ছাত্রলীগ কর্মীর মাধ্যমে হলের ২০১ নম্বর কক্ষ থেকে একটি অস্ত্রভর্তি ট্রাঙ্ক হলের বাইরে সরিয়ে ফেলা হয়েছে বলে শিক্ষার্থীরা খবর পায়। 

এর পরিপ্রেক্ষিতে রাত ১১টার দিকে হলের ১৬১ নম্বর কক্ষ থেকে সিফাতকে ধরে টিভি রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হলের আবাসিক শিক্ষার্থীরা। এক পর্যায়ে ১৬২ নম্বর কক্ষে ছাত্রলীগ কর্মী মাকসুদের উপস্থিতির কথা জানতে পারেন তারা। পরে শিক্ষার্থীরা ওই কক্ষে গেলে সেখানে লোহার রড পাওয়া যায়। পরে মাকসুদকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার কাছে ২০১ ও ২০২ নম্বর কক্ষের চাবি পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সিফাত স্বীকার করে যে, শুক্রবার হলে আসার পর হলের দায়িত্বপ্রাপ্ত আরেক নেতা (আসাদুল্লাহ হিল গালিব) মিশকাতের হাসান সঙ্গে তার যোগাযোগ হয়েছে।

পরে রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা তাদের দুজনকে গাছের সঙ্গে বেঁধে রেখে জিজ্ঞাসাবাদ করে এবং হলের সাবেক আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনককে জানান। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা এসে ওই দুইজনকে নিয়ে যায়।

অবশ্য ওই দুই ছাত্রলীগ কর্মীর ভাষ্য, ওই ট্রাঙ্কটিতে ছাত্রলীগ কর্মী রাসেলের ব্যক্তিগত জিনিসপত্র ছিল। 

হলের সাবেক আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, “মাদার বখশ্ হল থেকে অস্ত্র সরিয়ে ফেলেছে এমন সন্দেহে শিক্ষার্থীরা দুইজন ছাত্রলীগের কর্মীকে আটক করে আমাকে জানিয়েছে। এরই মধ্যে বিভিন্ন হলের রাজনৈতিক কক্ষগুলোতে অস্ত্র পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় মাদার বখশ্ হলেও অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে। ওরা সেই অস্ত্রগুলো হয়তো বের করে দেওয়ার চেষ্টা করেছে।”

তিনি বলেন, “তারা কারও পরামর্শে বা কারও সঙ্গে যোগাযোগ করে এসেছে কিনা তা যাচাই-বাছাই এবং ওদের নিরাপত্তার জন্য আমরা ওদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। প্রশাসন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

ওসি আরিফুল বলেন, “শিক্ষার্থীরা ছাত্রলীগের দুইজনকে হল থেকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”