১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ কিশোর আটক

এর মধ্যেই  ‘উপজেলার প্রভাবশালীরা’ বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 12:07 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। 

ভুক্তভোগী শিশুটি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যেই  ‘উপজেলার প্রভাবশালীরা’ বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। 

কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার গুরুতর আহত শিশুটিকে নিয়ে থানায় আসেন তার মা, পরে শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। 

মেয়ের কান্নার শব্দ শুনে তিনি পাশের বাড়িতে গিয়ে তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। 

ভুক্তভোগী শিশুটির মা আরও অভিযোগ করেন, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। যারা তার অবুঝ ছোট্ট মেয়েকে নিষ্ঠুর ক্ষতি করেছে তাদের পক্ষ নিয়েছেন উপজেলার প্রভাবশালীরা। তারা বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করছে, ভয় দেখাচ্ছে। 

সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন, “যৌন নিপীড়নের ঘটনা নিয়ে শিশুটিকে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি অনেক অসুস্থ।” 

কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, এর মধ্যেই অভিযান চালিয়ে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।