১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় হাম বাড়ছে, বেশিরভাগ শিশুই টিকা নেয়নি

কুমিল্লায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা শতাধিক।

কুমিল্লায় হাম বাড়ছে, বেশিরভাগ শিশুই টিকা নেয়নি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি শিশু।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 04:49 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের প্রায় ৭৫ শতাংশই টিকা নেয়নি।

সোমবার হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় আরও ২২ শিশু ভর্তি হয়েছে। বছরের শুরু থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মোট ২২৭ জন শিশু ভর্তি হয়েছে, যাদের মধ্যে ১৭২ জনই টিকা নেয়নি।

তিনি বলেন, এখন কেউ টিকা নিতে চাইলে আক্রান্ত হওয়ার অন্তত ২৮ দিন পর নিতে হবে। আর কারও মধ্যে উপসর্গ দেখা দিলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে।

বর্তমানে কুমিল্লায় হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা শতাধিক। এর মধ্যে ৭৭ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। বাকিরা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুটি।

হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুটি।

জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, জেলায় মোট ২৮৩ জন হাম ও এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর এখনো ১০৫ জন চিকিৎসাধীন।

সরকারি হিসাবে, এ বছর কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে।

সিভিল সার্জন বলেন, ২০ এপ্রিল থেকে জেলায় হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকার কোনো সঙ্কট নেই। কুমিল্লা সিটি করপোরেশন ও লাকসাম পৌরসভায় একই সময় টিকা দেওয়া শুরু হবে।