বরিশালে ডেঙ্গুতে দুজনের মৃত্যু
“দুজনই বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও নতুন করে আক্রান্ত হয়ে আরও ১৫৪ জন বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানিয়েছেন।
মৃত দুজন হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার আ. ছালামের মেয়ে ছনিয়া (২৮) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে মো. সাইফুল (৩৫)।
শ্যামল কৃষ্ণ বলেন, “দুজনেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়ে ১৫ জনের মৃত্যু হল।
“এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, বরগুনায় ৬ জন ও পটুয়াখালীতে ১ জন রয়েছেন।”
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭১৭ জন। এর মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ২৮০ জন। এখনও চিকিৎসাধীন রয়েছেন ৪২২ জন।
এর মধ্যে বরগুনা জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয় ৩ হাজার ৪৪৩ জন। ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ২৩১ জন। চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। নতুন করে এ জেলায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৩ জন।
