২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কাশিমপুর কারাগার থেকে পালানো ফাঁসির দণ্ডিত আসামি গ্রেপ্তার

“সে এক স্থানে বেশি সময় অবস্থান করতো না। একটি খাবার হোটেলে অবস্থান নেওয়ার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 09:19 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে বরিশালের সাতমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা জানিয়েছেন।

গ্রেপ্তার সোহেল রানা সাভারের আশুলিয়ার আউকপাড়া এলাকার হানিফ আলীর ছেলে। তিনি আশুলিয়ার গার্মেন্টস কর্মী তানিম হত্যা মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি।

মেজর সোহেল রানা বলেন, গত ৬ অগাস্ট দেশের কাশিপুর কারাগারের ভেতরে দাঙ্গা-হাঙ্গামা হলে সেখান থেকে সোহেল পালিয়ে যায়। এরপর বরিশালের মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় চারদিন অবস্থান করে দৈনিক মজুরিতে কাজ করে।

“সে এক স্থানে বেশি সময় অবস্থান করতো না। এক পর্যায়ে আত্মগোপনের জন্য মুলাদী থেকে সাতমাইল বাজার এলাকায় আসে সে। সেখানে একটি খাবার হোটেলে অবস্থান নেওয়ার তথ্য পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

র‌্যাবের এ কর্মকর্তা জানান, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ২০১৭ সালের ২২ জুলাই পোশাক শ্রমিক তানিমকে হত্যা করে সোহেল রানা। পরে তানিমের কথা মোবাইল ফোনে রেকর্ড করে তার মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। পরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মামলার আসামি হিসেবে সোহেল রানা সহকর্মী তানিমকে হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামলার আসামি সোহেল রানাসহ চারজনকে ফাঁসির আদেশ দেন বলে জানান মেজর সোহেল রানা।