২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বয়স ৬২, ২৬ বানাইয়ে দিয়েন না’, প্রশাসনকে শামীম ওসমান

নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রশাসনের কোনো কর্মকর্তা না আসায় ক্ষোভ প্রকাশ করেন এ আওয়ামী লীগ নেতা।

‘বয়স ৬২, ২৬ বানাইয়ে দিয়েন না’, প্রশাসনকে শামীম ওসমান

নারায়ণগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 10:20 PM

Updated : 27 Jan 2024, 10:20 PM

‘মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার’ আহ্বান জানিয়ে ডাকা সমাবেশে আমন্ত্রণ জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কেউ না আসায় ক্ষোভ ঝেড়েছেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। 

পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের ‘সাবধান’ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, “রাত ১২টার সময়ও চার থেকে পাঁচ লাখ লোক নামানোর ক্ষমতা শামীম ওসমান রাখে; যা কয়েকদিন আগেও দেখিয়েছি। 

“নামার (লোকজন রাস্তায়) পর যদি জনগণ বলে, আমরা কাউকে এখানে চাই না, তাহলে কিন্তু এইখানে থাকার কারও উপায় নাই। এই কথা মাথায় রাখবেন। আগের মেজাজ থাকলে এখনই বলে দিতাম।” 

“বয়স এখন ৬২, তাই ৬২ হিসেবে বক্তব্য দিলাম; ২৬ বানাইয়া দিয়েন না”, প্রশাসনের কর্মকর্তাদের ‘হুঁশিয়ার’ করে বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য। 

শনিবার বিকালে নগরীর ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনও এমন বিব্রতবোধ করেন নাই জানিয়ে শামীম ওসমান বলেন, “সাংবাদিক, আইনজীবী ও আওয়ামী লীগের সবাই আমার কাছে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আমি প্রশাসনের কর্মকর্তাদের এই বিষয়টা (সমাবেশ) জানিয়েছি বহু আগেই। 

“তবে আমি আমার ছোটবোন মেয়রের মত করে বলতে পারব না যে; এখানে প্রশাসন টাকা কামাতে আসে। আমি এইভাবে কথাটা বলতে চাই না। 

“আপনারা প্রশ্ন করেছেন, আমি জেলা প্রশাসককে বলেছি কি-না, আমি শুধু একবার নয়, বারবার বলেছি। আপনারা জেনে অবাক হবেন, কেবিনেট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর সচিব, খোদ স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই এই উদ্যোগের জন্য সাধুবাদ জানিয়েছেন।” 

“ওয়ারেন্ট অব প্রেসিডেন্সিতে একটা সংসদ সদস্য কোনো জায়গায় থাকে এইটা হয়ত নারায়ণগঞ্জের প্রশাসনের অনেকেই বুঝতে পারেন নাই”, বলেন তিনি। 

সমাবেশে উপস্থিত না থাকার বিষয়টি সংসদে উপস্থাপন করে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রীর কাছেও প্রশ্ন রাখা হবে বলে জানান শামীম ওসমান। 

তিনি বলেন, “আমি মাথা নোয়াবার মানুষ নই। এমন কোনো কাজ করি না যে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। অনেকেই অনেক কিছু করেন, আমরা সব দেখি। টাকা ধরা পড়ে যাত্রাবাড়িতে আর কেস দেখান ফতুল্লাতে। 

“আমাদের কাছে অনেক খবরই আছে, সাংবাদিকরা আমাদের সব জানান। এই কথাগুলো আজকে বলার কথা না। আমার চেয়ারম্যান-মেম্বার-কাউন্সিলর সবাই হতাশ হয়েছে। হতাশ হবেন না, এইটা আমাদের নারায়ণগঞ্জ, আমরাই ঠিক করব।” 

অভ্যন্তরীণ কোন্দলের কারণে নারায়ণগঞ্জে অনেকেই সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন এ সংসদ সদস্য। 

এ সময় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা নির্মূলে জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করার জন্য প্রেস ক্লাবকে অনুরোধ জানান শামীম ওসমান। 

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সভাপতিত্ব করেন।