জয়পুরহাটে হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন
আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন বিচারক।
বাছুর মারধরকে কেন্দ্র করে জয়পুরহাটে ১১ বছর আগে একজনকে হত্যা মামলায় ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু নাসিম মো. শামিমুল ইমাম শামিম জানান।
দণ্ডিতরা হলেন-জেলার ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের আশরাফ আলী মণ্ডলের ছেলে আজিজার রহমান, সাহেব আলীর ছেলে শাহাদুল ইসলাম, সাইদুল ইসলাম, শুকুর আলীর ছেলে মোজাম, মোসলেম, মোসলেমের ছেলে আমিনুর, আশমত উল্ল্যার ছেলে আবুল কাশেম, সফাত উল্ল্যার ছেলে আশত, সোলাইমানের ছেলে সেকেন্দার, সেকেন্দারের ছেলে শাহীন মোল্লা, ইয়াকুব আলীর ছেলে আকরাম আলী, আফরাফ আলীর স্ত্রী জিন্নাহ ও মেহের আলী মণ্ডলের ছেলে আব্দুস ছাত্তার।
তাদের মধ্যে আজিজার, কাশেম ও আকরাম পলাতক রয়েছেন। আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও করেছেন বিচারক। অনাদায়ে তাদের আরও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ৯ জুন ক্ষেতলাল উপজেলার আমুনিয়াপাড়া গ্রামের মনসুর আলী ফকিরের একটি বাছুর প্রতিবেশী মোজামের বাড়িতে গেলে মোজাম বাছুরটিকে বেধরক মারধর করেন। পরে ওইদিন রাতে মনসুর বাছুরটিকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে আসামিরা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুর ও তার ছেলে ফিরোজের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করেন।
তাদের মারধরে বাবা-ছেলে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ মারা যান।
এ ঘটনায় ওই বছরের ১৩ জুন নিহতের বাবা থানায় মামলা করলে শুনানি শেষে আদালত এ রায় দেন। আসামিদের মধ্যে পলাতক দুজন ছাড়া বাকিদের জয়পুরহাট কারাগারে নেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান।
