১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল

একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কথা বলে ওই ব্যক্তি চাঁদা দাবি করেন বলে অভিযোগ উপজেলা প্রশাসনের।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2026, 07:27 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তার এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী।

দণ্ড পাওয়া সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাছেদ আলীর ছেলে।

ভূমি অফিস থেকে জানা গেছে, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলা ভূমি অফিসে প্রবেশ করেন। এ সময় তিনি একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের কথা বলে চাঁদা দাবি করেন।

বিষয়টি সন্দেহ হলে সহকারী কমিশনার (ভূমি) তার পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের বিষয়ে জানতে চান। তবে সবুজ শেখ পত্রিকার সম্পাদকের নামসহ প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সবুজ ‘ভুয়া সাংবাদিক’ পরিচয়ে অফিসে আসার কথা স্বীকার করেন।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

তিনি বলেন, ওই ব্যক্তির কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন।

এ ঘটনায় ওই ব্যক্তির সঙ্গে থাকা একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম।