১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে ‘বুকে গুলিবিদ্ধ’ যুবক নিহত, আহত শতাধিক

এ ছাড়া বাসাবাড়ি, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 12:21 AM

Updated : 10 Sep 2026, 12:13 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে হবিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও শতাধিক।

রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়।

নিহত রিপন শীল (২৭) সদর উপজেলার রিচি গ্রামের রতন শীলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা বৃন্দাবন সরকারি কলেজের সামনে বিক্ষোভ সমাবেশ করে। একই সময় শহরের টাউন হলে আওয়ামী লীগ অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে টাউন হলের সামনে পৌঁছলে তাদের সঙ্গে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দফায় দফায় সংঘর্ষের সময় গুলির আওয়াজ পাওয়া যায়। এ ছাড়া বাসাবাড়ি, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। 

এ সময় গুলিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা তাদের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করে। 

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুমিন উদ্দিন চৌধুরী বলেন, “বুকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়।”