২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ থেকে বাঁচতে খুনের নাটক সাজান কেয়ারটেকার নাহিদ

নাহিদ প্রায় ১৪ বছর ধরে সিলেটের বিয়ানীবাজারে আছেন।

ঋণ থেকে বাঁচতে খুনের নাটক সাজান কেয়ারটেকার নাহিদ

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ঋণ থেকে বাঁচতে নিজের হত্যার নাটক সাজানো যুবককে আটক করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2023, 05:40 PM

Updated : 02 Apr 2023, 05:40 PM

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ‘ঋণ থেকে বাঁচতে’ নিজের হত্যার নাটক সাজানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোরবার দুপুরে সংবাদ সম্মেলনে সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার সন্ধ্যায় নরসিংদী থেকে তাকে আটক করা হয়।

আটক নাহিদ ইসলামের (২৮) বাড়ি নীলফামারী জেলায়। তিনি বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের মাথিউরা পূর্বপার এলাকায় কেয়ারটেকারের কাজ করতেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার ভোরে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমান উদ্দিন মোবাইল করে জানান, মাথিউরা পূর্বপার গ্রামের মো. আব্দুল হেকিমের বাড়ির কেয়ারটেকার নাহিদ ইসলাম খুন হয়েছেন।

“এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাহিদের ঘরের বিছানা, মেঝে ও বারান্দায় রক্ত দেখতে পেলেও লাশ খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধারণা করে রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য একটি গোয়েন্দা দল অনুসন্ধানে নামে।

“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার খুন হওয়ার নাটক সাজানো নাহিদকে নরসিংদী থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তিনি প্রায় ১৪ বছর ধরে বিয়ানীবাজারের ওই এলাকায় আছেন। কিন্তু তার প্রকৃত পরিচয় কেউ জানতেন না।”

পুলিশ সুপার আরও বলেন, নাহিদ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। তা থেকে বাঁচতে প্রথমে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি এবং পরে নিজেকে হত্যার নাটক সাজান।

তথ্য গোপন করে জাতীয় পরিচয়পত্র তৈরি করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।