২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বালু তোলার টাকা ভাগাভাগি’ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

কুমিল্লার মেঘনা উপজেলার ঘটনায় আহত কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

‘বালু তোলার টাকা ভাগাভাগি’ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫
কুমিল্লার মেঘনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 06:28 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘অবৈধভাবে বালু উত্তোলনের টাকা ভাগাভাগি’ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচরে এ ঘটনা ঘটে বলে জানান মেঘনা থানার ওসি আব্দুল জলিল।

সংঘর্ষে টেটাবিদ্ধ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

মেঘনা উপজেলা মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম মিলি বলেন, “উপজেলা যুবদল নেতা রবিউল ইসলাম রবি এবং বিএনপির বারেক প্রধানের অনুসারীরা দীর্ঘদিন ধরে একসঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। তাদের বিরুদ্ধে নদীপথে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

“সম্প্রতি বালু তোলার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে টানাপড়েন শুরু হয়। এরই জেরে মঙ্গলবার রাতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।” 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সংঘর্ষের সময় উভয়পক্ষ দেশি অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়ায়।

চালিভাঙ্গার ইউনিয়নের রাম প্রসাদেরচর  গ্রামের বাসিন্দা কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য মহসিন বলেন, “অবৈধভাবে বালু তোলার টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদের মত লোক দলে না থাকা ভাল, থাকলে দল ধ্বংস হবে।”

সড়ক থেকে প্রায় বিচ্ছিন্ন নলচর গ্রামে ঘটা সংঘর্ষের বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ছাড়া প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে রবিউল ইসলাম রবি এবং বারেক প্রধানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের নম্বর বন্ধ পাওয়া যায়।

মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, বালু উত্তোলন নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব থেকে মারামারি হয়েছে। এরা একইসঙ্গে চলাফেরা করতেন। দুপক্ষের অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

সংঘর্ষের বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি; পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।