টাকার জন্য ট্রাক যাত্রীকে পিটিয়ে হত্যা, চালক-সহকারী গ্রেপ্তার
নওগাঁর মহাদেবপুর থানার পুলিশ জানায়, খুঁটি বিক্রির এক লাখ ১৫ হাজার টাকা নেওয়ার জন্য মামুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে ট্রাকচালক ও তার সহকারী।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দু্ই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার ফয়েজউদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান।
নিহত মামুনুর রহমান মামুন (২৫) সদর উপজেলার কুমুরিয়া গ্রামের আলেফ উদ্দিনের ছেলে। তিনি সিমেন্টের খুঁটির ব্যবসা করতেন।
গ্রেপ্তাররা হলেন- ওই গ্রামের সুমন আলী (৩৫) ও একই উপজেলার সজীব (৩০)। সুমন আলী ট্রাকচালক এবং চালকের সহকারী (হেলপার) সবুজ।
স্বজনদের বরাত দিয়ে ওসি মোজাফ্ফর বলেন, শনিবার সকাল ৭টার দিকে মামুন ট্রাক ভাড়া নিয়ে রাজশাহীতে খুঁটি সরবরাহ করতে যান। রাতে ট্রাকচালক সুমন ও তার সহকারী সজীব বাড়ি ফিরলেও মামুন ফেরেননি।
“রোববার সকালে স্বজন ও স্থানীয়রা মামুনের সন্ধানে সুমন ও সজীবকে চাপ দেন। এ সময় তারা জানান, খুঁটি বিক্রির এক লাখ ১৫ হাজার টাকা নেওয়ার জন্য মামুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।”
তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”
এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
