২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, আটক স্বামী

“আম্মুকে গলাটিপে হত্যার পর আব্বু জামা-কাপড় পাল্টে অটোরিকশায় করে তাকে নিয়ে বের হয়ে যায়।”

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 04:27 PM

Updated : 10 Sep 2026, 12:21 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক নারীকে হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করার চেষ্টার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চরমাছুয়া এলাকায় ধনাগোদা নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে মতলব উত্তর থানার ওসি রবিউল হক জানান।

নিহত ২৫ বছর বয়সী ফেরদৌসী আক্তার আন্না উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর এলাকার ইয়াসিনের স্ত্রী এবং একই উপজেলার নবুরকান্দি গ্রামের আব্দুল আউয়াল মেয়ে।

এ ঘটনায় সকালেই ইয়াসিনকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভোরে ইয়াসিন ফেরদৌসীর শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে গলাটিপে হত্যা করে লাশ গুমের করার জন্য ধনাগোদা নদীতে ফেলে দেয়। সকালে সেখান থেকে ফেরদৌসীর লাশ উদ্ধার করে পুলিশ।

ফেরদৌসীর বড় ছেলে সাত বছর বয়সী মো. আব্দুল্লাহ বলেন, “রাতে আব্বুর ভাত খেতে আসলে আম্মুর সঙ্গে ঝগড়া হয়। পরে আম্মুকে গ্যাসের চুলার আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং গলাটিপে হত্যা করে। এরপর আব্বু জামা-কাপড় পাল্টে অটোরিকশায় করে আম্মুকে নিয়ে বের হয়ে যায়।”

ওসি রবিউল বলেন, “আগুনে পুড়িয়ে হত্যার পর লাশ গুম করার জন্য ধনাগোদা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”