২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ইজিবাইকে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

ইজিবাইকটি মহাসড়কের বাম পাশ থেকে ডানপাশের সংযোগ সড়কের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাসটি ধাক্কায় দেয়।

গোপালগঞ্জে ইজিবাইকে বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের আহাজারি।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 10:50 AM

Updated : 26 Aug 2026, 10:32 AM

গোপালগঞ্জে সদর উপজেলায় ইজিবাইকে বাসের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন ইজিবাইকটির চালক।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাইককান্দি ইউনিয়নের বিজয়পাশা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই একেএম হাসানুজ্জামান।

নিহত রেজওয়ান সরদার (২৪) ওই ইউনিয়নের বিজয়পাশা পূর্বপাড়া গ্রামের মাসুম সরদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি গোপীনাথপুর বাসস্ট্যান্ডে পোশাকের ব্যবসা করতেন।

আহত ইজিবাইক চালক রিয়াজুল মোল্লাকে আশংকাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্টার এক্সপ্রেস পরিবহনের বাসটির যাত্রী ও প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, বিকাল ৫টায় ঢাকা থেকে শীততাপ নিয়ন্ত্রিত বাসটি কোটালীপাড়ার উদ্দেশ্য রওয়ানা হয়। বাসটি বিজয়পাশা মোড়ে পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইকের পেছনে ধাক্কা দেয়। একটু সামনে গিয়ে বাসের চালক বাসটি রেখে পালিয়ে যায়।

এসআই হাসানুজ্জামান বলেন, রাতে রেজওয়ান সরদার দোকান বন্ধ করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে আসলে ইজিবাইকটি মহাসড়কের বাম পাশ থেকে ডানপাশের সংযোগ সড়কের দিকে যাচ্ছিল। এ সময় একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। 

পরে বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আফতাব জিলানী বলেন, রাত ৮টার দিকে ওই দুর্ঘটনার শিকার দু’জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। 

দুর্ঘটনায় আহত অপর জনের শারীরিক অবস্থা আশংকাজনক। তাই তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র রাখা হয়েছে। তিনি কোমায় আছে বলে জানান ওই চিকিৎসক।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাসানুজ্জামান।