১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পুলিশের গাড়ি ভাঙচুর: টুঙ্গিপাড়ায় যুব মহিলা লীগের ২ নেত্রী গ্রেপ্তার

চলতি বছরের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কর্মী সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় যুব মহিলা লীগের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ও শনিবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

গ্রেপ্তাররা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী‌ এবং একই কমিটির সহসভাপতি পারভীন আক্তার (পারুল)। 

জোনাকীকে শনিবার ও পারুলকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কর্মী সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলার তদন্তে দুজনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন দলটির নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিফলেট বিতরণ বন্ধ করতে বলে পুলিশ। 

সেই সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মী সন্দেহে সাফায়েত গাজীকে আটক করা হলে তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 

ঘটনার পরদিন টুঙ্গিপাড়া থানার এসআই রাব্বি মোরসালিন আওয়ামী লীগের ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৪৫০ জনকে আসামি করে মামলা করেন।

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার পর রাতভর সেনাবাহিনীর থানা পাহারা

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ কর্মীকে আটকের জেরে হামলা-ভাঙচুর, ৫ পুলিশ আহত