নোয়াখালীতে জমির বিরোধে কৃষককে ‘পিটিয়ে’ হত্যা
নিহতের ছেলে বলেন, প্রতিবেশি সালিশের সিদ্ধান্ত অমান্য করে তাদের জায়গায় দেয়াল নির্মাণ করছিলেন।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান জানান।
নিহত মো. নুরুল হক বাবুল (৬০) ওই এলাকার প্রয়াত আনোয়ার উল্যার ছেলে।
নিহতের ছেলে নুরুল আমিন স্বপন বলেন, নিজেদের বাড়ির সামনের ৩৩ শতাংশ জায়গা নিয়ে প্রতিবেশির সঙ্গে তাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। কিছুদিন আগে সালিশ বৈঠকে বিষয়টির মীমাংসা হয়।
সালিশে ১০ শতাংশ তার বাবা ও বাকি ২৩ শতাংশ জায়গা ওই প্রতিবেশির নেওয়ার সিদ্ধান্ত হয়।
নুরুল আমিন স্বপন আরও অভিযোগ করেন, কিন্তু সালিশের সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার বিকালে তাদের জায়গায় দেয়াল নির্মাণ শুরু করেন ওই প্রতিবেশি।
স্বপন বলেন, “খবর পেয়ে বাবা ও আমি ঘটনাস্থলে যাই। আমাকে আটকে রেখে ওই প্রতিবেশি আরো লোক নিয়ে বাবার সঙ্গে হাতাহাতি শুরু করেন।
“এক পর্যায়ে কোদালের হাতল দিয়ে বাবার কাঁধে আঘাত করা হয়। এতে বাবা অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।”
ওসি লিটন দেওয়ান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
“লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে জানিয়ে ওসি বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
