সিলেটে পানিতে ডুবে পর্যটকসহ তিনজনের মৃত্যু
উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র এবং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়িতে এ দুটি দুর্ঘটনা ঘটে।
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে পর্যটকসহ তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থাানার ওসি মো. বদিউজ্জামান জানান।
এর মধ্যে উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থী রাগিব ইয়াসার (১৯) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাসিন্দা আহসান উল হকের ছেলে। রাগিব সাভার সরকারি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।
রাগিবের বন্ধুদের বরাত দিয়ে ওসি বদিউজ্জামান বলেন, সাভার থেকে ১৪ বন্ধু মিলে সাদাপাথর বেড়াতে এসেছিলেন। বিকালে সবাই মিলে গোসল করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় রাগিব একা পানিতে নেমে যায়। নামার পর পরই তিনি স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যান।
সবাই মিলে খোঁজাখুঁজি করলেও রাগিবকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
দুপুর ২টার দিকে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ওসি বদিউজ্জামান।
নিহতরা হলো- ওই গ্রামের আব্দুস শহীদের ছেলে আরিয়ান (৭) এবং আব্দুল গফুর মিয়ার মেয়ে মুনসুরা (৬)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই শিশু বাড়ির কাছে জলাশয়ের পাশে খেলা করছিল। হঠাৎ তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
