২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শেরপুরের মাছ ধরার ফাঁদে আটকা পড়ল অজগর

উদ্ধার হওয়া অজগরটি স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় এলাকাবাসীর উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 11:47 AM

Updated : 26 Aug 2026, 10:47 AM

শেরপুরের নালিতাবাড়ীতে এক যুবকের মাছ ধরার ফাঁদে (চাঁই) আটকা  পড়েছে অজগর সাপ।

বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামের একটি বিলে এ অজগরটি ধরা পড়ে বলে জানিয়েছেন শেরপুর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বাদলাকুড়া গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম মাছ ধরার জন্য বাড়ির পাশে বিলে চাঁই পেতে রাখেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে চাঁই তুলে দেখতে পান এর ভেতরে একটি সাপ রয়েছে। 

তিনি সাপসহ চাঁইটি বাড়িতে নিয়ে এলে এলাকাবাসী তা দেখতে ভিড় জমান। অনেকে এটিকে বিষধর রাসেলস ভাইপার ভেবে আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে তারা এসে সাপটিকে অজগর সাপ বলে শনাক্ত করেন।

সুমন সরকার আরও বলেন, “আটক সাপটি আসলে অজগরের বাচ্চা। এসব এলাকায় মাঝে মাঝেই অজগর সাপের দেখা মিলে। কোথাও কোনো সাপ বা বন্যপ্রাণী ধরা পড়লে আমরা তা উদ্ধার করে এবং সেবা-শুশ্রুরূষা করে তার উপযুক্ত পরিবেশে অবমুক্ত করি।”

ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “আমরা যে সাপটি উদ্ধার করেছি সেটি রাসেলস ভাইপার নয়, এটি মূলত মেঘালয় পাহাড় থেকে ঢলের পানিতে ভেসে আসা অজগর সাপের বাচ্চা।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া অজগরটি স্বাভাবিক এবং সুস্থ অবস্থায় বৃহস্পতিবার বিকালে এলাকাবাসীর উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়েছে।