ইলিশ তুলতে গিয়ে ফেরি থেকে পড়ে কর্মী নিখোঁজ
তার সন্ধানে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভোলায় তেঁতুলিয়া নদীতে ভেসে থাকা ইলিশ মাছ তুলতে গিয়ে ফেরি থেকে পড়ে এক কর্মচারী নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকালে সদর উপজেলার ভেদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিআইডব্লিউটিসির ভোলা ঘাটের ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান।
নিখোঁজ আমিনুল ইসলাম (২৬) বরিশাল জেলার বাখেরগঞ্জ থানার শ্যামনগর গ্রামের বাসিন্দা।
জসিম বলেন, কৃষ্ণচূড়া নামের ফেরিটি ভোলার ভেদুরিয়া ঘাট থেকে বরিশাল লাহারহাট ঘাটের দিকে যাচ্ছিল। পথে তেঁতুলিয়া নদীতে একটি মৃত ইলিশ মাছ ভাসতে আমিনুল সেটি তুলতে যান। এ সময় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।
