Published : 01 Jul 2026, 04:29 PM
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬৬ কর্মচারী।
তাদের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরনোদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে। এতে তারা চাকরিচ্যুতির আশঙ্কা করছেন।
বুধবার সকালে কর্মচারীরা তত্ত্বাবধায়কের কার্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে তার সামনে অবস্থান নেন।
আন্দোলনকারী রবিউল হাসান আকাশ অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ মৌখিকভাবে বলেছে, ৩০ জুন তাদের নিয়োগ বাতিল হয়ে গেছে। অথচ তাদের নিয়োগপত্রে চাকরির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রয়েছে। এ ছাড়া তাদের ছয় মাসের বকেয়া বেতন এখনও পরিশোধ হয়নি।
তিনি বলেন, ২০২৫ সালের ২৩ নভেম্বর মন্ত্রণালয় আউটর্সোসিং নীতিমালার গেজেট প্রকাশ করে। সেখানে তফসিল ‘খ’ এ উল্লেখ আছে, অভিজ্ঞ কর্মী বাদ দিয়ে নতুনদের নিয়োগ দেওয়া যাবে না। আর যদি বাদ দিয়ে নতুন নিয়োগ দিতে হয় তাহলে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির মাধ্যমে শুনানি করে বাদ দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে ঠিকাদারি প্রতিষ্ঠান পুরাতনদের বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করছে।
আরেক কর্মচারী কার্জন শেখ বলেন, “চাকরি হারালে ৬৬ কর্মচারীর পরিবারকে পথে বসতে হবে। তাই আমরা বাধ্য হয়ে আজ প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।”
এ প্রসঙ্গে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, “আমার কার্যালয়ের সামনের গেইটে তালা ঝুলিয়ে আউটসোর্সিংয়ের কর্মচারীরা অবস্থান নেওয়ায় কার্যালয়ে ঢুকতে পারিনি। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই সমস্যার সমাধান করতে উপরের মহলে কথা বলছি।”
তিনি বলেন, ২০২৪ সালের জুন থেকে সরকার ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োগ দিয়ে আসছে। গ্যালন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ৬৬ কর্মচারীকে নিয়োগ দেয়। নতুন অর্থবছরে সরকার এইচআরডিই এজন্সিকে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ দিয়েছে। এই প্রতিষ্ঠান আগামী অর্থবছরে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।”
নীতিমালা অনুযায়ী, সরকারের নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে আশা করছেন এই কর্মকর্তা।