১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঈদে মিলাদুন্নবীতে জিকির-দরুদে মুখর আটরশি দরবার শরিফ

রাতভর দফায় দফায় মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 07:22 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

জিকির-আসকার ও দরুদ-সালামের সুরে মুখরিত হয়ে উঠে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরিফ।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পুরো দরবার শরিফ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চলে ফরজ, সুন্নত ও নফল নামাজ, মিলাদ ও দোয়া মাহফিল। 

বিশ্ব জাকের মঞ্জিল আটরশির কর্মী গ্রুপের বৃহত্তর ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী  বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনরাতব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয় আটরশি দরবার শরিফে। 

কর্মসূচির অংশ হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া রাতভর দফায় দফায় মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী শেখ রায়হান বলেন, ঈদে মিলাদুন্নবীতে আগত ভক্তদের থাকা, বিশ্রাম ও মেহমানদারির জন্য দরবার শরিফের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের সুবিধার্থে বিভিন্ন সেবামূলক ব্যবস্থাও রাখা হয়। 

তিনি বলেন, বুধবার বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দিনরাতব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।