চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে গেল নারীর প্রাণ
পুলিশ ধারণা করছে, ওই নারী রেললাইনে মাথা দিয়ে শুয়েছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে আদিবাসী কোল সম্প্রদায়ের এক নারী নিহত হয়েছেন।
শনিবার সকাল পৌনে নয়টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়ার সোনাতলায় এ ঘটনা ঘটে বলে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার মো. ওবায়দুল্লাহ জানান।
নিহত ষাট ঊর্ধ্ব সামিয়া রানী হাসদা ঝিলিমের আজিরাবৈলঠা গ্রামের বিশুদ্ধ হাসদার মেয়ে।
স্টেশন মাস্টার বলেন, সকাল সাড়ে আটটায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া রাজশাহী কমিউটার মেইল ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা যান। খবর পেয়ে স্টেশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
রেলওয়ে পুলিশের এসআই আবুল বাসার ও স্থানীয়রা জানান, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি রেল লাইনে মাথা দিয়ে শুয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার মাথার পেছনের অংশ ট্রেনে কাটা পড়ে।
