বগুড়ায় নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
“এর আগে ২০২৫ সালে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমিনুল ইসলাম রানাকে কারাগারে পাঠানো হয়েছিল।”
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম রানাকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে চিথুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ধুনট থানার ওসি আতিকুল ইসলাম।
গ্রেপ্তার আমিনুল ইসলাম রানা ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
ওসি আতিকুল বলেন, “এর আগে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমিনুল ইসলাম রানাকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন।
“তার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে এবার আবারও গ্রেপ্তার করা হয়েছে।”
আমিনুল ইসলাম রানাকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
