পদ্মায় জালে আটকা কুমির ছানা পিটিয়ে মারল জনতা
ওই জেলে প্রথমে ধারণা করেন, তার জালে বড় কোনো মাছ ধরা পড়েছে।
রাজবাড়ী সদরে পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলের জালে আটকা পড়ে একটি কুমির ছানা। পরে পাড়ে আনলে ছানাটিকে পিটিয়ে মারে জনতা।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার অন্তর মোড় এলাকার পদ্মা নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
তারা বলেন, পাবনার ঢালার চর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে জেলে সালাম তালুকদার সকাল থেকে নদীতে মাছ ধরতে যান।
এক পর্যায়ে তিনি রাজবাড়ীর অন্তর মোড় এলাকায় পদ্মায় জাল ফেলেন।
পরে জাল উঠানোর সময় কয়েকটি ঝাঁকুনিতে বড় কোনো মাছ ধরা পড়ার ধারণা করেন তিনি। পরে জাল নৌকায় তুলে দেখেন, একটি কুমির ছানা।
পরে নদীর পাড়ে আনলে ছানাটিকে পিটিয়ে মারেন স্থানীয়রা।
এ বিষয়ে জেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুমির পিটিয়ে হত্যার বিষয়টি তার জানা নেই।
রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ হুমায়ুন কবিরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
