১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ-ভাঙচুর, ৩১ শিক্ষার্থী বহিষ্কার

এ ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ-ভাঙচুর, ৩১ শিক্ষার্থী বহিষ্কার
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ মোতায়েন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 09:34 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সেইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করে শুক্রবার বিকাল ৪টার মধ্য শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃংখলা বোর্ডের ২৭তম সভায় এ সিদ্ধান্ত হয় বলে আলাদা দুটি অফিস আদেশে জানিয়েছেন রেজিস্ট্রার অধ্যাপক আবু হাসান।

রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশি অস্ত্র এবং লাঠিসোঁটা হাতে শহীদ নুর হোসেন হলে গিয়ে ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। 

এ সময় তারা নামাজঘরসহ হলের আসবাবপত্র, সিসি ক্যামেরা ও অন্যান্য সম্পত্তি নষ্ট করেন। হামলায় সহকারী প্রক্টরসহ কয়েকজন ছাত্র আহত হন। 

পরে জরুরি সভায় ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

আরেক অফিস আদেশে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের এদিন বিকাল ৪টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। 

তবে বিদেশি শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন বলে অফিস আদেশে করা হয়।