রাজশাহীতে পরিবহন সমিতির কার্যালয় দখলের জেরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
এসময় মোটরসাইকেলে আগুন দেওয়া ছাড়াও সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের আধিপত্য ও সমিতির কার্যালয় দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার বিকালে রাজশাহী শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রাজশাহী পরিবহন ও মালিক গ্রুপের ভবনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় ভবনে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষের ঘটনার ভিডিও ধারণ করায় একটি টিভি চ্যানেলের ক্যামেরা ভাঙচুর ও তিন সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
সংঘর্ষে কয়েকজন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ নামে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ এতদিন আওয়ামীপন্থিদের দখলে ছিল। শেখ হাসিনার সরকার পতনের পর এতে বিএনপিপন্থীরা আসা শুরু করেন। তাদের মধ্যে দুটি পক্ষ এটি দখলে নিতে নেমেছে।
সম্প্রতি এ সমিতির সভাপতি নাজিম উদ্দীন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর গৌতম মৌহন চৌধুরী রাকেশ নামে বিএনপিপন্থি একজন নিজেকে সমিতির আহ্বায়ক ঘোষণা করেন।
অন্যদিকে, আগের কমিটির সাধারণ সম্পাদক মতিউল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন দাবি করে কার্যালয় দখলে নিতে চান নজরুল ইসলাম হেলাল নামের আরেকজন।
গৌতম মৌহনের পক্ষটি শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কার্যালয়ে ছিল।
নজরুল ইসলাম তার লোক নিয়ে বিকালের দিকে কার্যালয় দখলে যান। তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কার্যালয়ের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া বাংলাভিশন টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
বাংলাভিশনের ক্যামেরা পারসন জসীম উদ্দীন বলে, তিনি ছাড়াও বাংলার সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুল ইসলাম বনি ও পদ্মাটাইমস নামে একটি অনলাইনের ক্যামেরা পারসন সাজ্জাদ মৃধাকে লাঞ্ছিত করা হয়েছে।
পরে শিক্ষার্থী ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে।
নজরুল ইসলাম বলেন, “বিএনপি সরকারের সময় এ সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলাম। আওয়ামী লীগ সরকার এলে বাধ্য হয়ে সংগঠন ছেড়ে দিতে হয়েছে।
“হাসিনা সরকারের পতনের পর আওয়ামীপন্থি সাধারণ সম্পাদকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছি।”
গৌতম নিজেকে আহ্বায়ক দাবি করে কার্যালয়ের দখল নেন অভিযোগ করে নজরুল বলেন, “কার্যালয়ের ভেতর থেকেই আমাদের ওপর আগে হামলা করা হয়েছে। তাদের হামলাতেই টেলিভিশনের ক্যামেরা ভেঙেছে।”
এ ব্যাপারে গৌতম মৌহনকে ফোন করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, “সরকারের পদত্যাগের পর থেকেই বিএনপিপন্থিরা অস্ত্র নিয়ে কার্যালয় দখল করতে আসেন। আমাদের জীবনের মায়া আছে। সেই জায়গা থেকে তারা জোর করে দায়িত্ব নিয়েছে। কিন্তু এভাবে দায়িত্ব নেওয়া যায় না। পরে শুনলাম, কার্যালয় দখল নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে।”
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী বলেন, “বিএনপির সময়ে সমিতিতে নির্বাচিত ছিলেন নজরুল ইসলাম। তখন দায়িত্ব শেষ করতে পারেননি। সে অনুযায়ী তিনিই দায়িত্ব পাবেন। কিন্তু এটা নিয়ে দখল-হামলা-সংঘর্ষ কেন হবে?”
