২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরভর্তি ট্রাকে তল্লাশি, মিলল ২ কোটি টাকার ভারতীয় পণ্য

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 05:49 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পাথরভর্তি একটি ট্রাক তল্লাশি করে প্রায় দুই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

মঙ্গলবার সকালে উপজেলার ইব্রাহিমপুর এলাকা থেকে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয় বলে জানান সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের অভিযান চালায়। এ সময় পাথরবাহী একটি ট্রাক সন্দেহ হলে চালককে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক ট্রাক নিয়ে অন্য পথে পালিয়ে যাওয়া চেষ্টা করেন।

পরে ধাওয়া করে ইব্রাহিমপুর এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকে থাকা চোরা কারবারিরা পালিয়ে যান।

পরে ট্রাকে থাকা পাথরের অন্তত চার ফুট নিচ থেকে ভারতীয় ৩৬৯টি শাড়ি, ৮৩টি লেহেঙ্গা, ৫৭০ কেজি জিরা, ১৭ হাজার ৯৫২টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৮৯ লাখ ছয় হাজার ৮০০ টাকা বলে জানায় বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।